'সোনার বাড়ি জমি' কেন একদিন লিখতে বসেছিলাম, জানি না। সম্ভবত জাদুবুড়োর কিছু ফন্দিফিকির হবে। সে ব্যাটা তারা ধরে আর গল্প জোগাড় করে। আমারও কানে ফিসফিসিয়ে কিছু বলেছিল হয়তো, এখন মনে নেই আর। লিখতে লিখতে বুঝলাম, এটুকু লিখে ফেলা ছাড়া আমার আর কিছু করারও ছিল না। অথবা বলতে গেলে, অনেক কিছুই করে উঠতে না পারার ভিতরই থেকে গেছে লিখে উঠতে পারাটুকু। এই সময় তাঁবুর ভিতর বাস করা একজন মানুষ হিসাবে এটুকুই আমার সাধ্য।
'সিলি পয়েন্ট' ধারাবাহিক প্রকাশ করেছিল লেখাটি। টিমের সকলের খুব উৎসাহ ছিল লেখাটাকে নিয়ে, তাদের পাগলামিকে আর একবার সেলাম জানাই। এবার রোহণদা 'সোনার বাড়ি জমি' আনছে বই হিসাবে। আমার সামান্য লেখালেখি যেমন তার কাছে প্রশ্রয় পায়, এবারও ব্যতিক্রম হয়নি। প্রচ্ছদ করে দিয়েছে ঐন্দ্রিলা আর বিবস্বান, তাদের এক ব্যাগ ভালোবাসা।
ওই সময় তাঁবুটায় আমরা যারা একসঙ্গে থাকি, এই 'সোনার বাড়ি জমি' তাঁদের সবারই, একা শুধু আমার নয়। আমি বিশ্বাস করি, একটা লেখা ছেপে বেরোবার পরও আরও খানিক হয়ে ওঠে, পাঠক তা এগিয়ে নিয়ে যান। পাঠক খুব বড় শব্দ, অতদূর ভাবতে পারি না। শুধু জানি, যাঁরা ভালোবাসেন, তাঁরা এই দায়িত্বটুকু নেবেন।